কালাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন সম্প্রসারণ এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত র্যালিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে গবাদিপশু, হাঁস-মুরগি পালনের পাশাপাশি খামারিদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাত, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে।
বক্তারা আরও বলেন, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্যিক খামারের পাশাপাশি প্রান্তিক খামারিদেরও এগিয়ে আসতে হবে। প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং খামারিদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কালাই উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন পর্যায়ের অংশীজন, প্রান্তিক খামারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন